যখন স্মৃতিরাই হয় শেষ আশ্রয়

মায়ার সীমানা পেরিয়ে একলা আকাশে বেঁচে থাকার গল্প। 

কখন যে ঠিক এই জায়গায় এসে দাঁড়ালাম, সেটা ঠিক আমি নিজেও জানি না। 

বাইরে থেকে সবকিছু স্বাভাবিক, কথা বলি, হাসি, নতুন মানুষদের সাথে মিশি। ক্ষণিকের বন্ধুত্ব গড়ি ফেইসবুক আর  ঈন্সটাগ্রাম নামক ভারটুয়াল জগতে!  মাঝে মাঝে নিজেকেই অবাক লাগে, কত কিছু শিখে গেছি কত কিছুই শেখা দেখা বাকি তবুও এত সহজভাবে সবকিছু কিভাবে চালিয়ে নিচ্ছি।

কিন্তু ভেতরে ভেতরে কোথাও একটা জায়গা আছে, যেটা এখনো ঠিক আগের মতোই রয়ে গেছে।

একটা সময় ছিল, যেখানে সবকিছু খুব সহজ ছিল। কোনো হিসাব ছিল না, কোনো ভয় ছিল না।
শুধু ছিল কিছু মানুষ, কিছু মুহূর্ত, আর একধরনের নির্ভার থাকা। 

তখন সুপার ম্যান মা বাবাও ছিল! সে এক অন্য চ্যাপ্টার। অন্য আরেকদিন বলবো না হয় তাদের কথা!

তবে সেই সময়টা এখন আর নেই। মানুষগুলোও নেই। আছে হয়তো কিন্তু আমার সাথে নেই, তাদের আর ধরা যায় না ছোঁয়া যায় না!

কেউ বিদায় বলেনি, আমিও না। কোনো শেষ কথা হয়নি।
কেউ কাউকে “ভালো থেকো” বলার সুযোগটুকুও পাইনি।

গল্পটা শেষ হয়নি, কেমন যেন শুধু থেমে গেছে।

পুরনো আমি আর এখন আমি, এ কোন আমি? জীবনের নতুন অধ্যায়। নিজেকে বদলাচ্ছি, ভালো থাকার জন্য, নিজের জন্য। ছেড়ে দিতে শিখেছি, বুঝতে শিখেছি, না বুঝে মেনে নিতে শিখেছি।

তবুও, একটা অদ্ভুত অনুভূতি রয়ে যায়,  আমি যতই বদলাই, আমার একটা অংশ সেই পুরনো সময়েই রয়ে গেছে।

মাঝে মাঝে মনে হয়, আমি দুইটা জীবনে একসাথে বাঁচছি। একটা বর্তমান, আর একটা স্মৃতির ভেতর।

স্মৃতি আমার জন্য কী, এই প্রশ্নটার উত্তর আমি নিজেও জানি না।

কখনো এটা কষ্ট দেয়। হঠাৎ করে কোনো কিছু মনে পড়ে গেলে বুকটা ভারী হয়ে যায়।

আবার কখনো এটা খুব শান্ত একটা অনুভূতি দেয়, যেন আমি একা না, কেউ একজন এখনো আমার সাথে আছে… শুধু অন্যভাবে।

এই দুইটার মাঝামাঝি কোথাও আমি আটকে আছি।

অনেক সময় ইচ্ছে করে— ফিরে যাই।

একেবারে সেই দিনগুলোতে। যেখানে আমরা একসাথে ছিলাম, হাসতাম, গান গাইতাম, কিছু না ভেবেই সময় কাটাতাম।

আমি জানি, এটা সম্ভব না। তবুও ইচ্ছে করে।

কিন্তু আবার ভয়ও লাগে।

যদি খুব বেশি ফিরে যাই সেই স্মৃতিতে, আমি আবার সেখানেই আটকে যাবোনা তো?

তাই নিজেকে সামলেনেই! 

দিনের বেলা সবকিছু ঠিকি লাগে। ব্যস্ত থাকি, কাজ নিয়ে থাকি, ভাল, মন্দ তবু থাকি।

কিন্তু রাত হলেই সব বদলে যায়। নীরবতা একটু বেশিই শোনা যায়। ভাবনাগুলো একটু বেশি স্পষ্ট হয়ে ওঠে।

আর তখনই বুঝতে পারি  দিন শেষে আমরা আসলে কতটা একা।

সবচেয়ে বেশি খারাপ লাগে, শেষটা না হওয়ায়।

যদি একবার ঠিকমতো বিদায় বলা যেত, যদি একবার বলা যেত “ভালো থেকো”  হয়তো একটু হালকা লাগতো।

এখন মনে হয়, কিছু একটা বাকি আছে। একটা অসমাপ্ত কথা, একটা না বলা অনুভূতি।

তবুও, আমি একটা জিনিস অস্বীকার করতে পারি না, আমি জানি তারা আর ফিরবে না।
এই জীবনে, আগের মতো করে না। তবুও, মনের ভেতরে কোথাও একটা ছোট্ট আশা থেকে যায়।

হয়তো কোনো একদিন, হঠাৎ করে দেখা হবে। কোনো কারণ ছাড়া, কোনো Expectation ছাড়া।

আমরা আবার একসাথে বসবো, হাসবো, প্রাণ খুলে গাইবো…
কিছুক্ষণের জন্য হলেও, সবকিছু আবার আগের মতো লাগবে।

আমি এখন আর কাউকে ধরে রাখতে চাই না। কাউকে ফেরানোর চেষ্টাও করি না।

শুধু মাঝে মাঝে, চুপচাপ মনে মনে একটা কথা বলি—

প্রিয় মানুষগুলো, যেখানেই থাকো… ভালো থেকো।

আর আমি— আমি এখানেই আছি, স্মৃতিগুলোকে সাথে নিয়েই
একটা একলা আকাশের নিচে বাঁচতে শিখছি…

Scroll to Top